Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চালক আটক

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৬ জুন, ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চালককে আটক করা হয়েছে।

উপজেলার আউশকান্দি থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয় বলে নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান জানিয়েছেন।

আটক মো. সাব্বির মিয়া নবীগঞ্জ উপজেলার ইনাতাবাদ বাংলাবাজার এলাকার ছাতির মিয়ার ছেলে।

ঘটনার বর্ণনায় স্থানীয়রা বলছেন, মেয়েটির বাড়ি বানিয়াচং উপজেলায়। সে ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। রোববার ঢাকার ফার্মগেট থেকে বিলাস পরিবহনের একটি বাসে করে বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও ওই ছাত্রী ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সিলেটে নেমে নবীগঞ্জ হয়ে বানিয়াচং যাওয়ার জন্য মা এন্টারপ্রাইজ নামের আরেকটি বাসে ওঠেন।

পথে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর মেয়েটি বাসে একা ছিল। এ সময় বাসের চালক সাব্বির ও সহযোগী লিটন তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে আউশকান্দি এলাকায় বাসটি পৌঁছালে মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছলে স্থানীয় জনতা বাস চালক সাব্বিরকে আটক করে তাদের কাছে হস্তান্তর করে। তবে এ সময় তার সহযোগী লিটন মিয়া পালিয়ে যায়। পরে ওই কলেজ ছাত্রী ও বাস চালককে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, “কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাস চালককে আটক এবং মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। চালকের সহযোগী লিটন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পালিয়ে যাওয়া বাস চালকের সহযোগী লিটন মিয়া সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.