নিজস্ব প্রতিবেদক | ০৪ ফেব্রুয়ারী, ২০১৬
দেশে ক্যান্সার রোগীদের সংখ্যা আশংকাজনক হারে বাড়লেও সেই তুলনায় এর চিকিৎসা সুবিধা একেবারেই অপ্রতুল বলা যায়। এই বাস্তবতার মাঝেই ঢাকার বাইরে সিলেটে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল। সিলেটের দক্ষিণ সুরমায় নর্থ ইস্ট হাসপাতালে গড়ে তোলা হচ্ছে আধুনিক ক্যান্সার হাসপাতাল।
ইতোপূর্বে নর্থইস্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল কার্ডিয়াক ও অন্যান্য রোগের চিকিৎসায় সিলেট অঞ্চলে ব্যাপক সুনাম কুড়িয়েছে।
উদ্যোক্তারা জানান, ২০১৪ সালের জুন থেকে ক্যান্সার হাসপাতালটির চিকিৎসা সেবা অনানুষ্ঠানিকভাবে শুরু হলেও ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে হাসপাতালটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
বাংলাদেশে ঢাকার বাইরে এটিই প্রথম স্পেশালাইজড কোন ক্যান্সার হাসপাতাল। হাসপাতালটিতে স্থাপন করা হয়েছে কেমোথেরাপির জন্য আধুনিক ইনফিউশন পাম্প। এ ছাড়াও ব্রাকিথেরাপি এবং আধুনিক সিটি সিমুলেটর ও স্থাপন করা হয়েছে।
নর্থইস্ট ক্যান্সার হাসপাতালে রয়েছে দেশের অন্যতম সেরা অনকোলজিস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকলোজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেনের নেতৃত্বে একটি অভিজ্ঞ ও চৌকস চিকিৎসক দল।
হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডাক্তার মোঃ খলিলুর রহমান, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার নুরুল আম্বিয়া চৌধুরী, নর্থইস্ট মেডিক্যাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মো. আফজাল মিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত সাইন্টিফিক সেমিনারে বক্তব্য দেন হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ও বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সৈয়দ মোঃ আকরাম হোসেন, সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. মীর মাহবুবুল আলম, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এনায়েত উল্লাহ প্রমুখ।
নর্থইস্ট ক্যান্সার হাসপাতাল বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি স্বল্পমূল্যে ক্যান্সার চিকিৎসার সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্তৃপক্ষ। হাসপাতালটি প্রতিষ্ঠার ফলে সিলেট থেকে ক্যান্সার রোগিদের বিদেশমুখি এবং ঢাকামুখি স্রোত থেমে যাবে বলেও ধারণা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, নর্থইস্ট ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠান ফলে শুধু সিলেট এলাকার মানুষই যে উপকৃত হবে তা নয়, বরং দেশের সারা দেশের ক্যান্সার রোগীদেরও অনেকেই ঢাকার পরিবর্তে এখানে আসবেন চিকিৎসার মান এবং খরচ বিবেচনায়।