Sylhet Today 24 PRINT

ভারতের অভ্যন্তরে গাছের সাথে ঝুলে থাকা বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুন, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের পিনারসালা থানা-পুলিশ জাকারিয়া আহমদ (২৩) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করে।

ভারতে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে লাশটি হস্তান্তর করা হবে।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, লাশ অভ্যন্তরে হওয়ায় বাংলাদেশের পুলিশ ও বিজিবি সেখানে যেতে পারেনি। রাতে ভারতের পিনারসালা থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

নাজমুল হক জানান, ভারতে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে। বিএসএফের সহায়তায় আজ শুক্রবার মরদেহ হস্তান্তরের কথা রয়েছে।

নিহত জাকারিয়া কোম্পানীগঞ্জ উপজেলার লামারগ্রাম কামালবস্তির আলাউদ্দিন আলাইয়ের ছেলে। তিনি বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করতেন। গত সোমবার একই ইউনিয়নের কাকরাইল গ্রামের এক তরুণীর সঙ্গে জাকারিয়ার বিয়ে হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে জাকারিয়া বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, ভারত-বাংলাদেশ সীমান্তের ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর ছাফ পিলারের নিকটবর্তী ভারতের অভ্যন্তরে একটি গাছের ডালে দড়িতে ঝুলন্ত একটি মরদেহ দেখা গেছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহত ব্যক্তির পরিবার মরদেহটি জাকারিয়ার বলে শনাক্ত করে।

জাকারিয়া আহমদের বাবা আলাউদ্দিন ‌জানান, কারও সঙ্গে জাকারিয়ার সমস্যা ছিল না। বুধবার রাতে তারা সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। বেলা ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে তার ছেলে ভারত সীমান্তের অভ্যন্তরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন বলে খবর পান আলাউদ্দিন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ বলেন, ভারত সীমান্তের অভ্যন্তরে হওয়ায় পুলিশের পক্ষ থেকে লাশ উদ্ধার তৎপরতা চালানো যায়নি। সীমান্ত এলাকার বিষয়ে বিজিবির সহায়তা নেওয়া হয়। বিজিবির কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী নিহত জাকারিয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.