Sylhet Today 24 PRINT

উইমেন্স মেডিকেলে রোগীর স্বজনদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুন, ২০২৫

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ববহারের অভিযোগ ওঠেছে হাসপাতালের দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার শেষরাতে এমন ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছেঁ।

নগরের পায়রা এলাকার বাসিন্দা তানজিল হোসেন অভিযোগ করে জানান, শুক্রবার (২০ জুন) ভোররাত সাড়ে তিনটার দিকে হাসপাতালটিতে নিজের দেড় বছর বয়সী অসুস্থ ছেলেকে নিয়ে যান। কিন্তু শুরু থেকেই রোগীর সাথে থাকা অভিভাবকদের সঙ্গে বাজে আচরণ করেন ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও নিরাপত্তা কর্মীরা। এ সময় তার সঙ্গে ছিলেন তার বাবা অ‍্যাডভোকেট আতাউর রহমানসহ পরিবারের সদস্যরা। তারা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে ঘুমন্ত অবস্থায় পান। এ সময় নিরাপত্তা কর্মীদের মাধ্যমে তারা ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে জাগাতে গেলে তিনি বিরক্ত হয়ে উঠেন এবং অভিভাবকদের সঙ্গে প্রথম থেকেই অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। একপর্যায়ে সিকিউরিটি গার্ডদের ডেকে কর্তব্যরত চিকিৎসক রোগীর স্বজনদের ইমার্জেন্সি বিভাগ থেকে বের করে দেন।

তিনি জানান, এসময় আমরা প্রতিবাদ করলে চিকিৎসকের নির্দেশে নিরাপত্তাকর্মীরা মারমুখি হয়ে উঠেন এবং আতাউর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

অভিযোগ প্রসঙ্গে সিলেট ওমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের কো-চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার আমীর মো. ফখরুল ইসলাম বলেন, হাসপাতালের জরুরী বিভাগে ঘটে যাওয়া ঘটনার খবর তিনি পেয়েছেন। অভিযোগকারীর সাথেও কথা বলেছেন। শনিবারই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.