Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুন, ২০২৫

সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ইউপি  সদস্য আায়াজ আলীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২০ জুন) বেলা ৩টায় উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা।

সভায় বক্তারা বলেন, একটি মারামারির ঘটনায় নিরপরাধ ইউপি সদস্য আয়াজ আলীকে আসামি করে মামলা করা হয়। এ ঘটনায় কোনোভাবে  মেম্বার আয়াজ আলী জড়িত নন। এমনকি ঘটনার দিন মেম্বার আলী উপস্থিত ছিলেন না। এলাকায় না থেকে কিভাবে একজন জনপ্রতিনিধি মামলার আসামী হন এমন প্রশ্ন করেন বক্তারা।

এসময় তারা মেম্বার আয়াজ আলীর উপর থেকে মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। না হলে কঠোর কর্মসূচীরও হুশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি রফিক আলী, ডা. আবদুল মতিন, গনি শাহ, সংগঠক তাজুল ইসলাম, স্থানীয় বাসিন্দা কাছাই বিবি, মিনারা বেগম, লায়লা বেগম প্রমূখ। অনুষ্ঠানে কয়েকশত নারী-পুরুষ অংশ নেন।

উল্লেখ, গত ৫ জুন সকালে পূর্ব বিরোধের জেরে পাঠাকইন গ্রামের চুনু মিয়া পক্ষের সাথে গনি শাহ পক্ষের মারামারি হয়। এই ঘটনায় ৭ জুন মেম্বার আয়াজ আলীকে প্রধান আসামিসহ আরও ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন চুনু মিয়া (মামলা নং-২)। এছাড়া গত ২৮ মে দুপুরে পাঠাকইন গ্রামের জালাল মিয়ার বাড়ির সামনে পূর্ব বিরোধের জের ধরে সুমন মিয়া পক্ষের সাথে জালাল মিয়া পক্ষের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জুন ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন জালাল মিয়া, (মামলা নং ১)। এ মামলায়ও স্থানীয় ইউপি সদস্য আয়াজ আলীকে ২নং আসামি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.