Sylhet Today 24 PRINT

বড়লেখা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা ও ৪ বাংলাদেশীকে পুশইন করল বিএসএফ

বড়লেখা প্রতিনিধি |  ২৩ জুন, ২০২৫

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিজিবি লাতু বিওপির আওতাধীন কুমারশাইল সীমান্ত দিয়ে সোমবার (২৩ জুন) ভোরবেলা শিশু ও নারীসহ ১২ জন রোহিঙ্গা নাগরিক এবং ৪ জন বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের জিরো লাইনে নিয়ে বিএসএফ এদেরকে জোর করে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে।

সোমবার সকাল ৯’টার দিকে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় বিজিবি তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি সূত্র জানায়, আটকদের পরিচয় শনাক্তের পর এদেরকে থানায় সোপর্দ করা হবে।

বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গত ২ মাসে বিএসএফ প্রায় পাঁচ শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাকে পুশইন করেছে।

স্থানীয় এলাকাবাসী ও উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, সোমবার সকাল ৯’টার দিকে সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের লোকজন জানান যে, তাদের গ্রামে ক্লান্ত, বিমর্ষ ও বিপর্যস্ত চেহারায় বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু ঘোরাফেরা করছে। কথাবার্তায় কয়েকজনকে রোহিঙ্গা মুসলমান মনে হওয়ায় লোকজন তাদেরকে আটক করে তাকে (ইউপি চেয়ারম্যান) ও স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে পরিচয় শনাক্তের পর তাদেরকে থানায় সোপর্দ করবে বলে জানিয়েছে বিজিবি।

এব্যাপারে জানতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এজন্য তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাবিবুর রহমান সোমবার বিকেল পাঁচটায় বলেন, বিএসএফের পুশইনকৃত ১২ জন রোহিঙ্গা ও ৪ জন বাংলাদেশী নাগরিককে বিজিবি আটক করেছে বলে শুনেছি। তবে বিজিবি এখনও আটককৃতদেও থানায় সোপর্দ করেনি। থানায় সোপর্দ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.