Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সেক্রেটারির দায়িত্বে ফয়েজ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুন, ২০২৫

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের (সেক্রেটারি) দায়িত্ব পেয়েছেন ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান ফয়েজ।

বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
 
রিজভী স্বাক্ষরিত পত্রে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বজলুর রহমান ফয়েজ দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। দল আশা করে যে তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন।’
 
পত্রের অনুলিপি দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাব উদ্দিনকেও পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.