Sylhet Today 24 PRINT

সিলেটে ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুল ছাত্রী, ফুফা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুন, ২০২৫

গ্রেপ্তার হওয়া আব্দুল হালিম।

সিলেটে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই ছাত্রী। এ ঘটনায় ছাত্রীর ফুফাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাত ৮টায় এয়ারপোর্ট থানা পুলিশ সাহবের বাজার এলাকা থেকে অভিযুক্ত আব্দুল হালিম (৪৪) কে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী (১৫) বিগত ৭/৮ মাস ধরে তার ফুফুর বাড়িতে বসবাস করছিলো। অভিযুক্ত ব্যক্তি ওই ছাত্রীর ফুফা। গত ১৫ ফেব্রুয়ারি রাতে ফুফা আব্দুল হালিম ওই ছাত্রীর শয়নকক্ষে প্রবেশ করে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে, বিভিন্ন সময়ে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

পুলিশ আরও জানায়, ২২ জুন ভিকটিমের শারীরিক অসুস্থতা দেখা দিলে তার বাবা তাকে দেখতে গিয়ে ঘটনাটি জানতে পারেন এবং চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আলট্রাসনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষায় ভিকটিমের ৩ মাসের অন্তঃসত্ত্বা অবস্থার বিষয়টি নিশ্চিত হয়।

ওই ছাত্রীর বাবা এ ঘটনায় এয়ারপোর্ট থানার অভিযোগ দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা হয়।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্ত্রীর আপন বড় ভাইয়ের মেয়েকে ধর্ষণের অভিযোগে হালিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে তোলা হলে আদালত আসামিকে জেলহাজতে প্রেরণ করেন। অন্যদিকে ওই মেয়ে এখনো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.