Sylhet Today 24 PRINT

সড়ক বিভাজকে সিলেট বন্ধুজনের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুন, ২০২৫

দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’ সিলেট ও শাবিপ্রবি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) বিকাল সাড়ে ৫টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিভাজকে ৫০টি ফল, ফুল ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন শাবিপ্রবি বন্ধুজনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সিলেট-এর সদস্য সচিব আব্দুল করিম কিম।

সিলেট বন্ধুজনের সভাপতি মনোয়ার পারভেজ জানান, এই আষাঢ় মাস হল গাছ লাগানোর উপযুক্ত সময়। ২৪ এর আন্দোলনের সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সড়ক বিভাজকে প্রায় সবগুলো গাছ নষ্ট হয়ে যায়। এই সড়ক বিভাজকে যেন আবারও ফুল পাতায় মুগ্ধতা ছড়ায় সেজন্য বন্ধুজনের পক্ষ থেকে এবার আমরা সড়ক বিভাজকে বৃক্ষ রোপণ করেছি। এই বৃক্ষরোপণে সার্বিক সহযোগিতা করেন বৃক্ষবন্ধু শাহ সিকান্দার আহমদ শাকির, খবরের কাগজের শাবিপ্রবি প্রতিনিধি মো. ইসফাক আলী।

শাবিপ্রবি বন্ধুজনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক এবং সমাজের সবচেয়ে সচেতন মানুষ। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তার যে উদ্যোগ নিয়েছে এটা অবশ্যই প্রশংসনীয়। আশাকরি এরকম সচেতনতামূলক আরও প্রোগ্রাম তারা করবে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সিলেট-এর সদস্য সচিব আব্দুল করিম কিম বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক বিভাজকে তারা বাছাই করা কিছু গাছ লাগাচ্ছে। এই সময়টিতে সাধারণত সবাই গাছ লাগায়। কিন্তু বন্ধুজনের পক্ষ থেকে দেখলাম এই গাছগুলো সংরক্ষণের সদিচ্ছা থেকে গুনে গুনে গাছ লাগানো হচ্ছে। যে গাছগুলো লাগানো হল সেগুলো যেন টিকে থাকে সেই নজরদারি বন্ধুজনকে রাখতে হবে। গাছ লাগানোর পাশাপাশি গাছ কাটার প্রতিবাদ জানানোর আহবান জানাই সিলেট বন্ধুজনের প্রতি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি, ফটো সাংবাদিক মামুন হোসেন, শাবিপ্রবি প্রতিনিধি মো. ইসফাক আলী, বৃক্ষবন্ধু শাহ সিকান্দার আহমদ শাকির, সিলেট বন্ধুজনের সভাপতি মনোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক দুর্লভ খীসা, অর্থ সম্পাদক জয়দেব, শাবিপ্রবি বন্ধুজনের সদস্য আবুল হাসনাত, শিবলু, মুহিবুর রহমান, জাওয়াদ, মাহির, রানা ও সিলেট বন্ধুজনের ক্ষুদে সদস্য সাইয়ারা হোসেন মেহেক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.