Sylhet Today 24 PRINT

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০২৫

সিলেট ও সুনামগঞ্জ এর বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদরে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সুত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা, শ্রীপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান করে বিপুল পরিমান ভারতীয় সানগ্লাস, ক্লপ জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টাস্কফোর্সের অংশ হিসেবে রাধানগর ও জাফলং সীমান্ত এলাকার বিভিন্ন গোডাউন হতে ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়ার সময় তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর এলাকার ফতেপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী এবং কসমেটিকস সামগ্রী আটক করে।

সম্মিলিতভাবে পরিচালিত অভিযানে আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

এ ব্যাপারে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.