Sylhet Today 24 PRINT

টিনশেডের ঘরে মজুদ ছিল সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য

টাস্কফোর্সের অভিযানে জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুন, ২০২৫

সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি ক্ষ টাকার ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী হরিনাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে অভিযান চালায় টাস্কফোর্স। সেখানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী ও চকলেটের মজুদ পাওয়া যায়।

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৫৪ লক্ষাধিক টাকা। চোরাই পথে এনে দেশে বাজারজাত করার লক্ষে এগুলো মজুদ করে রেখেছিল চোরাকারবারিরা।

তবে, মালামাল জব্দ হলেও চোরাকারবারিরা পালিয়ে যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামের নেতৃত্বে ১৬ সদস্যের বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

জব্দকৃত পণ্যের মধ্যে ৪,২৮৬ পিস ভারতীয় শাড়ী, ১৩ পিস লেহেঙ্গা, ৪,৯৯২ পিস কসমেটিকস সামগ্রী এবং ২০,১২০ পিস চকলেট রয়েছে।

বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জব্দকৃত ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.