Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে সেনাবাহিনীর অভিযানে স্ত্রীসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুন, ২০২৫

গ্রেপ্তার হওয়া তবারক আলী। ছবি সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভূক্ত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার স্ত্রীকেও আটক করা হয়। সোমবার (৩০ জুন) ভোর ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, বিশ্বনাথ উপজেলার ফাটাপইন গ্রামের মৃত আলহাজ আলীর ছেলে মো. তবারক আলী (৩৭) ও তার স্ত্রী সাবিনা আক্তার (২৯)।

সেনাবাহিনীর প্রেরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার (৩০ জুন) ভোর ৫টার দিকে সিলেট ওসমানী নগর আর্মি ক্যাম্পের আওতাধীন সিলেট জেলার, বিশ্বনাথ থানার, ১ নম্বর মামলার ১ নম্বর আসামিকে ফাটাপইন এলাকার শীর্ষ সন্ত্রাসী তবারক আলী (৩৭) ও তার সন্ত্রাসী কার্যক্রমে সহযোগী স্ত্রী সাবিনা আক্তারকে (২৯) যৌথ অভিযানে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দা বটি ৪ টি, চাপাতি ৫ টি, দা ৩ টি, বড় ছুড়ি ১ টি, ছোট ছুরি ১৪ টি, মোবাইল অ্যান্ড্রয়েড ২ টি, মোবাইল বাটন ২ টি,  চেক বই মোট ১৬ টি, মোবাইল সিম ১২ টি, ডেবিট কার্ড ৩ টি, নগদ টাকা ২ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিশ্বনাথ থানার  হস্তান্তর করা হয়।

বিশ্বনাথ থানা পুলিশ জানায়, সেনাবাহিনীর হাতে আটককৃত তবারক আলীর উপর ৩টি মাদক মামলাসহ, নারী হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাইসহ মোট ১৬টি মামলা রয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘সোমবার সকালে সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনী তাকে থানায় হস্তান্তর করে। তবারক আলী একটি মামলার আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া আরও একটি মারামারির মামলায় এজহারভুক্ত আসামি তিনি। এই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.