Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে পর্যটকবাহী গাড়িতে ‘পাথর শ্রমিকদের’ ভাঙচুরের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুলাই, ২০২৫

কোম্পানীগঞ্জে পর্যটকবাহী গাড়িতে ভাঙচুর। ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি চালুর দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে পর্যটকবাহী গাড়িতে ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।

বুধবার রাতে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, এই ভাঙচুরের সময় ঘটনাস্থল থেকে আটক দুজনকে মামলায় গ্রেপ্তার দিিখিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের থানাবাজার এলাকায় সিলেট জেলা পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে পাথর কোয়ারি ইজারা দিয়ে চালুর দাবিতে গণঅনশন অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষ দিকে বিক্ষোভকারীদের একটি অংশ ইট-পাটকেল নিক্ষেপ এবং লাঠি দিয়ে পর্যটকবাহী যানবাহন ভাঙচুর শুরু করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুল হামিদ ও মদরিছ মিয়া নামের দুজনকে আটক করে। পরদিন দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.