Sylhet Today 24 PRINT

ভারত পুশইনের মাধ্যমে গোয়েন্দা পাঠাচ্ছে, সন্দেহ বিএনপি নেতা সালামের

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুলাই, ২০২৫

শনিবার সিলেটে একটি অনুষ্ঠানে বক্তব্য রখেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম

ভারত পুশইনের মাধ্যমে গোয়েন্দা পাঠাচ্ছে কি না সেটা কি আমরা জানি? - এমন প্রশ্ন রেখেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

শনিবার বিকেলে নগরের বালুচর এলাকার একটি কনভেনশন সেন্টারে সিলেটের জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও শহীদ স্মরণ সভায় তিনি এমন প্রশ্ন রাখেন।

সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশি নাগরকেদের জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে বিএসএফ। এ প্রসঙ্গ টেনে আব্দুস সালাম বলেন, বাংলাদেশের কেউ অবৈধভাবে ভারতে থাকলে তাদের হাইকমিশনের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠাবে। এভাবে রাতের আঁধারে ঠেলে পাঠানো কেন। এর ফলে সন্দেহ হয়, পুশইনের নামে ভারত তাদের গোয়েন্দা পাঠাতে পারে।

ভারতকে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তিনি বলেন, তারা চায় না বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক।

এম এ সালাম আরও বলেন, জাতীয় নির্বাচনের বিলম্বিত করতে কিছু মহল কাজ করছে।  প্রধান উপদেষ্টার প্রতি আহবান তাদের প্ররোচনায় না পরে দ্রুত নির্বাচন আয়োজন করেন।

আব্দুস সালাম বলেন, দেশের মানুষ এখনও জিয়াউর রহমানের নামে ভোট দেয়। থার্মোমিটার দিয়ে মাপা হলেও দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জিয়াউর রহমান। আওয়ামী লীগ হলো চোরের ও লুটের দল। আর বিএনপি হলো স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের দল। এ দেশকে যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। দেশের সংকট এখনো কাটেনি। ওই ফ্যাসিস্ট সীমান্তের ওই পাড়ে বসে আছে। তিনি নাকি বলেন, যে কোনো সময় দেশে ঢুকে পড়বে।

তিনি আরোও বলেন, ৭৫ সালে শেখ মুজিবুর দেশটাকে ধ্বংস করে দিয়েছিলো। গত ১৭ বছরে এমন কোন সেক্টর নেই যে শেখ হাসিনা ধ্বংস করে নাই। ফ্যাসিস্ট হাসিনা এখন সীমান্তের ওপারে বসে নানা ষড়যন্ত্র করছে। এতদিন ভারতকে কেউ ধমক দিয়ে কথা বলতে পারেনি, বর্তমান সরকারও পারছে না। কিন্তু একমাত্র বিএনপিই ভারতকে ধমক দিয়ে কথা বলার সাহস রাখে। দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। তবে এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে।

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আয়োজক মো. বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী ও এম এ মালেক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, ফয়সল আহমদ চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল খান, নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়ার সিদ্দিকী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শাহজালাল (র:) দরগাহ মসজিদের প্রধান ইমাম। অনুষ্ঠানে বিএনপির সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.