Sylhet Today 24 PRINT

সিলেটে নগদ এজেন্টদের পিন নাম্বার সংগ্রহ করে প্রতারণা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুলাই, ২০২৫

গ্রেপ্তারকৃত দুজন। ছবি সংগৃহীত

সিলেটে নগদ এজেন্টদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-, কক্সবাজার জেলার মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চিকনীপাড়া গ্রামের মো. হোসাইনের পুত্র মো. ওসমান গনি (২১), এবং ৬নং ওয়ার্ডের সোনারপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে মো. ফরহাদ আহাম্মদ (২২)।

 জানা যায়, সারা দেশে ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে।  এর প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা বিভাগ তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযান শুরু করে।

 
গোয়েন্দা সূত্রে পুলিশ জানতে পারে, ৮ জুলাই এক প্রতারক চক্র সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে কৌশলে দোকানদারের অজান্তে তাদের নগদ অ্যাকাউন্টের পিন সংগ্রহ করে নেয়। এরপর ওই পিন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে একাধিক ই-ট্রানজাকশন করে প্রতারকেরা দোকানদারদের অ্যাকাউন্টে থাকা টাকা আত্মসাৎ করে।

 এ ঘটনায় ভুক্তভোগী মদিনা মার্কেটের ব্যবসায়ী সৌরভ রায় শুভ এবং শাহজালাল গেইটের ব্যবসায়ী মো. সাইদুর রহমান জানান, তাদের দোকান থেকে প্রতারকরা যথাক্রমে ৩০ হাজার এবং ৪৯ হাজার টাকা  প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।

অভিযোগের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে গত বুধবার (৯ জুলাই) বিকেলে কোতোয়ালি মডেল থানার হযরত শাহজালাল (রহঃ) মাজার এলাকা থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এসময় জব্দ করা হয়েছে, ১টি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি অনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন ফোন, নগদ ৪০ হাজার ৫শ ৪০ টাকা এবং ১২টি মোবাইল ফোন সিম।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.