Sylhet Today 24 PRINT

এসএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২৭০ পেয়েছে সিলেট ক্যাডেট কলেজের আপন

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০২৫

বাবা-মায়ের সাথে জাফরুল ইসলাম আপন। ছবি সংগৃহীত

এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ড থেকে চমক দেখিয়েছে সিলেট ক্যাডেট কলেজের শিক্ষার্থী মুহাম্মদ জাফরুল ইসলাম আপন। পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৭০ পেয়েছে সে।

সিলেট সিলেট শিক্ষােবার্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় আপনই সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে বলে জানা গেছে। ফলে এবারের ফলাফলে সিলেট বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে সে।

গত ১০ জুলাই এসএসি পিরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হয় আপন।

আপনের মূল বাড়ি কমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার (দক্ষিণ পাড়া) গ্রামে। তার মা রুমা আক্তার এবং বাবা মোহাম্মদ জহিরুল ইসলাম।

জহিরুল ইসলাম বর্তমানে মৌলভীবাজার সদরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এখন মৌলভীবাজার শহরেই পরিবার নিয়ে থাকেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার চাকরির সুবাদে কয়েকবার স্কুল পাল্টাতে হয় আপনকে। সে ১ম শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে নবীগঞ্জের উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমিতে। ৪র্থ শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত জালালাবাদ পাবলিক ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ। এরপর ২০২১ সালে সিলেট ক্যাডেট কলেজে একজন ক্যাডেট হিসেবে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়।

আপনের সাফল্যের জন্য তার বাবা-মা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। পাশাপাশি তার বিদ্যালয়ের শিক্ষকসহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা তাদের ছেলের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী, সে যেন ভবিষ্যতে আদর্শ মানুষ হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.