Sylhet Today 24 PRINT

এনসিপির কমিটিতে নাম আসার পর সিলেটের দুই উপজেলার ৩ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেটে দুই উপজেলার তিনজন কমিটি থেকে পদত্যাগ করেছেন। কমিটিতে নাম আসার পর পরই তারা পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাস দিয়ে নিজেদের পদত্যাগ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী তিনজন হলেন- বিশ্বনাথ উপজেলা এনসিপির ১৭সদস্য বিশিষ্ট কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, সদস্য মো.শাহেদ আহম্মেদ ও গোয়াইনঘাট উপজেলা এনসিপির ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য ফাহিম আহমদ।

গত শনিবার (১২ জুলাই) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এই দুই উপজেলায় সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিশ্বনাথ উপজেলায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রধান সমন্বয়কারী রাখা হয় ডা.সুলেমান খানকে ওই কমিটিতে ২ নম্বর যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন ও ৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয় মো. শাহেদ আহম্মেদকে।

এর মধ্যে রোববার রাত সাড়ে ১১টার দিকে যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন তার নিজ ফেসবুক আইডিতে লিখেন 'অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ঐ কমিটির সাথে কোন সম্পৃক্ততা নেই আমি ঐ যুগ্ম-সমন্বয়ককারী পদ থেকে পদত্যাগ করলাম, বিনীত রুহুল আমিন'।

একই দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমিটির সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়ে পদত্যাগ করেন ওই কমিটির সদস্য মো. শাহেদ আহম্মেদ।

শাহেদ আহম্মেদ স্ট্যাটাসে লিখেন- অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ঐ কমিটির সাথে কোন সম্পৃক্ততা নেই আমি ঐ পদ থেকে পদত্যাগ করলাম: বিনীত শাহেদ আহমেদ...।

অপরদিকে, গোয়াইনঘাট উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির ১০ নম্বর সদস্য ফাহিম আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাহিম আহমদ (ফাহিম মোনায়েম) আইডিতে লিখেন, পদত্যাগ আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র গোয়াইনঘাট উপজেলা কমিটিতে আমাকে রাখা হয়েছে, এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে আমার ব্যক্তিগত কারণে আমি কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আমি এখন থেকে এই কমিটির সাথে সম্পৃক্ত নই। ধন্যবাদ।

এব্যাপারে বিশ্বনাথ উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিনের বক্তব্য পাওয়া যায়নি। পদত্যাগকারী সদস্য মো. শাহেদ আহম্মেদ বলেন, কমিটিতে আমার নাম দেখে আমি নিজেই অবাক। আমার সাথে কারো কোনো আলাপ হয়নি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান বলেন, আমার জানামতে গোয়াইনঘাটের একটা ছেলে পদত্যাগ করেছে। অন্য দুজন পদত্যাগ করেছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.