Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০২৫

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পানিতে ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নওনাগর গ্রামের একটি ডুবে থাকা রাস্তা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ঘিলাচৌকা গ্রামের বাসিন্দা বিলকিস আক্তার (৩০) ও তার মেয়ে বিথী (৩)। তারা দুজনই সুনামগঞ্জের আলমপুর ও আশপাশের এলাকায় ভিক্ষা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে ভিক্ষা শেষে বাড়ির উদ্দেশে রওনা হন বিলকিস। ধারণা করা হচ্ছে, ফেরার পথে নওনাগর গ্রামের পাশের একটি ডুবে যাওয়া রাস্তা পার হওয়ার সময় মা ও মেয়ে পানিতে তলিয়ে যান।

শুক্রবার দুপুরে এক পথচারী ডুবন্ত রাস্তায় মা ও মেয়ের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী মরদেহ দুটি উদ্ধার করে পুলিশে খবর দেন।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.