Sylhet Today 24 PRINT

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি: সিলেটে ‘ব্লকেড’ কর্মসূচীর ডাক শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুলাই, ২০২৫

মঙ্গলবার সিলেট শিক্ষাবোর্ডের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের হতাহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশসহ বিভিন্ন দাবিতে বুধবারও সিলেটে বিক্ষোভ করার কথা জানিয়েছে শিক্ষার্থীরা।

এসব দাবিতে মঙ্গলবার সিলেট শিক্ষা বোর্ড ও এর সামনের সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা এ সড়ক অবরোধ করেন তারা। এতে সিলেট-জকিগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়  যানজট। সড়ক অবরোধ করে সড়কেই নামাজও আদায় করেন তারা।

দাবি  আদায়ে বুধবার সকাল ১১ টায় সিলেটের চৌহাট্টায় কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে অবস্থান নেবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করবেন বলে জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ আমরা সড়ক ছাড়বো না।

তারা অভিযোগ করেন, সরকার এখনও ঠিক কতজন নিহত হয়েছে—সে বিষয়ে সঠিক তথ্য দিচ্ছে না। এছাড়া এইচএসসি পরীক্ষাকে ঘিরে ছলচাতুরি করা হচ্ছে। তাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি আমরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.