Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে শহিদ মিনারে সমাবেশের অনুমতি পায়নি এনসিপি

ডিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বললেন নেতারা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০২৫

শহিদ মিনারে সমাবেশের অনুমতি না দেওয়ায় হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাটস্থ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে পদযাত্রা বাস্তবায়ন কমিটির স্থানীয় আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামাল এ-মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কয়েক দিন আগেই জেলা প্রশাসককে নিমতলা শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করি। সেই হিসেবে আমরা প্রচার-প্রচারণা করি। কিন্তু আজ বিকেলে আমাদের ডেকে নিয়ে বলেন, এটি রাজনীতিক প্রোগ্রাম, তাই অনুমতি না দেওয়ার কথা জানান।’

আবু হেনা মোস্তাফা কামাল বলেন, ‘জেলা প্রশাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হলেও বর্তমানে একটি রাজনীতিক দলের সঙ্গে আঁতাত করে চলছেন। তাঁর আচরণে আমরা বিস্মিত হয়নি।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সমন্বয়ক মাহবুবর বারী চৌধুরী মুবিন, বাস্তবায়ন কমিটির সদস্যসচিব অ্যাড. ফখরউদ্দিন জাকি, আব্দুল বাছিত তরফদার মিঠু প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু হেনা মোস্তাফা কামাল জানান- বৃহস্পতিবারের (২৪ জুলাই) পদযাত্রা শহরের নিমতলা (শহিদ মিনার) থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে টাউন হলে এসে শেষ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.