Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় কাপড়ের চালান জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাতে মধ্যনগর উপজেলার ১ নম্বর উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের মাঝেরছড়া এলাকা থেকে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড়ের চালান জব্দ করা হয় বলে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান।

বিজিবি বলছে, সীমান্ত পিলার ১১৯০/১৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ৭১২টি ভারতীয় শাড়ি, ২০টি লেহেঙ্গা এবং ১ হাজার ২০০ গজ থান কাপড় ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। ভারত থেকে এসব পণ্য বিনা শুল্কে দেশে নিয়ে আসছিল তারা।

বিজিবি জানতে পেরে অভিযান চালিয়ে এই চালানের পণ্য জব্দ করে। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

জব্দ করা ভারতীয় পণ্য শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.