মৌলভীবাজার প্রতিনিধি | ২৬ জুলাই, ২০২৫
বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। এমনটা হলে সেই নির্বাচন জনগণ গ্রহণ করবে না- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেরীরপার এলাকায় দলটির পথসভায় এ কথা বলেন তিনি।
সংবিধান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের সংস্কার ও উন্নয়নে সেই সংবিধানের সংস্কার প্রয়োজন। যেখানে মুক্তিযুদ্ধ ও চব্বিশের অভ্যুত্থানের স্বীকৃতি থাকবে। তবে বিভিন্ন রাজনৈতিক শক্তি বাহাত্তরের সংবিধানকে রক্ষায় রাজপথে নামছে। এর বিরুদ্ধে সক্রিয় থাকতে হবে।
তিনি আরও বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি। পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে। এ সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের দেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রধান অতিথির ব্কব্যে নাহিদ ইসলাম আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে। পুলিশ হত্যার দায় ২০২৪-এর আন্দোলনকারী যুবকদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই এনসিপিকে দেশ গড়ার পথ থেকে বিচ্যুত করতে পারবে না।
দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘সাংবাদিকতার মতো মহৎ পেশাকে যারা কলুষিত করছে, তারা দেশের স্বাধীনতার সাথেই প্রতারণা করছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন।’
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘সরকারের আশ্বাসে আর বিশ্বাস নেই। আগামী ৩ আগস্ট রাজপথ থেকেই জুলাই সনদ আদায় করা হবে।’ তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘এই আন্দোলন আর কোনোভাবেই ঠেকানো যাবে না।’
এর আগে দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রাটি প্রেসক্লাব, শাহ মোস্তফা রোড হয়ে বেরিরপাড় জনসভায় গিয়ে শেষ হয়।
এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।