Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সাবেক ডিসি, এডিসিসহ চার কর্মকর্তার কারাদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০২৫

ফাইল ছবি

আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগে হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও দুই সহকারী কমিশনার (ভূমি)-কে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২৭ জুলাই) দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত কেউই আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ওই জমির ওপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও, আব্দুল হামিদের বসতঘর উচ্ছেদ করে দখলে নেয় প্রশাসন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুল হামিদ ২০০৮ সালের ১০ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম আমিনুল ইসলাম, বানিয়াচংয়ের ইউএনও নুরে আলম সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলমসহ ১৪ জনকে আসামি করা হয়।

১৭ বছর পর মামলার রায়ে চার কর্মকর্তার প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এছাড়া, বাদিকে তার জমি বুঝিয়ে দিতে হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১ দিনের মধ্যে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.