Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে এসআই সন্তোষ হত্যা: পুলিশের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০২৫

পুলিশের উপ পরিদর্শক (এসআই) সন্তোষ চৌধুরী। ছবি সংগৃহীত

হবিগঞ্জে বানিয়াচং থানার উপ পরিদর্শক (এসআই) সন্তোষ চৌধুরীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি উঠেছে। মামলা দায়েরের প্রায় একবছর পর এমন দাবিতে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

২০২৪ সালের ৫ আগস্টের বানিয়াচং থানায় এসআই সন্তোষকে পিটিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। এরপর তার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়।  এরআগে উত্তেজিত জনতাকে লক্ষ্য পুলিশের গুলিতে ওই এলাকায় ৯ জন নিহত হন। এসময় জনতাকে লক্ষ্য করে এসআই সন্তোষ গুলি ছুঁড়েন বলে স্থানীয় অনেকের অভিযোগ।

সন্তোষ নিহতের ঘটনায় গত বছর আগস্টেই পুলিশ বাদী হয়ে ১০ হাজার জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলাটি স্থায়ীভাবে প্রত্যাহারের দাবি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

রোববার হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসান স্বাক্ষরিত এ স্মারকলিপিটি সংগঠনের আহ্বায়ক আরিফ তালুকদার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদের কাছে প্রদান করেন।

মাহদী হাসান বলেন, আমরা স্মারকলিপি দিয়েছি। আন্দোলনটি ছিল দেশের আপামর জনতার। এ আন্দোলনে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। বানিয়াচংয়ে একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এসআই সন্তোষ বিনা উস্কানিতে গুলি চালিয়ে ৯ ছাত্র-জনতাকে শহীদ করেছিলেন। তখন হাজার হাজার বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন তিনি।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি পরবর্তীতে ঐতিহাসিক এ ক্ষোভকে হত্যাকাণ্ড বলে ১০ হাজার অজ্ঞাত ছাত্র-জনতার বিরুদ্ধে পুলিশের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে। এটি সম্পূর্ণ হয়রানিমূলক ও বানোয়াট মামলা বলে আমরা মনে করছি। এছাড়া মামলাটি ইতিহাস বিকৃতি ও জনগণের প্রতিবাদ দমনের অপচেষ্টা। তাই অবিলম্বে মামলাটি স্থায়ীভাবে প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাই।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট এসআই সন্তোষের গুলিতে নিরীহ মানুষ নিহত ও শতাধিক আহত হলে উত্তাল হয়ে উঠে বানিয়াচং। সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে। তবে সেই প্রতিরোধকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে তুলে ধরে পুলিশের পক্ষ থেকে ১০ হাজার ‘অজ্ঞাত’ ছাত্র-জনতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়; যা ইতিহাস বিকৃতি ও নিপীড়নের অপচেষ্টা।

এতে আরও বলা হয়, এসআই হত্যাকাণ্ডে দায়ের করা মামলা স্থায়ীভাবে প্রত্যাহার, নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন, ন্যায্য প্রতিবাদকে সন্ত্রাস বা হত্যাকাণ্ড বলা সরকারি অপপ্রয়াস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.