Sylhet Today 24 PRINT

লোভাছাড়ার নিলামকৃত পাথর পরিবহণ বন্ধের নির্দেশ ইউএনওর

কানাইঘাট প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০২৫

সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকা পরিদর্শন করেছেন উপজেলানির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

সোমবার বিকেল তিনি লোভাছড়া পাথর কোয়ারীতে যান। এসময় সরকারের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোয়ারীতে থাকা জব্দ ও নিলামকৃত পাথর পরিবহণ না করার জন্য পাথর ব্যবসায়ীদের নির্দেশ দেন। কোয়ারীতে থাকা স্তুপকৃত পাথর দেখভাল করার জন্য নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্যদের নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খনিদ সম্পদ উন্নয়ন ব্যুরো লোভাছড়া পাথর কোয়ারীতে পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দকৃত পাথরের মধ্যে সম্প্রতি ৪৪লক্ষ ২৩ হাজার ঘনফুটঁ পাথর নিলাম আহ্বান করেন। এতে সর্বোচ্চ দরদাতা হিসাবে মেসার্স পিয়াস এন্টার প্রাইজ নিলাম পায়। নিলামকৃত পাথর পরিবহণের জন্য ইজারার শর্ত অনুযায়ী ৪৫ দিন সময় দেওয়া হয়। এরপর পিয়াস এন্টারপ্রাইজের আবেদনের প্রেক্ষিতে খনিদ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে আরো ৩০ দিন সময় বৃদ্ধি করা হয়। সেই সময়সীমা ২৩ জুলাই শেষ হয়েছে। যার কারণে পরবর্তী সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোয়ারীতে থাকা স্তুপকৃত পাথর যাতে কেউ পরিবহণ ও সরিয়ে নিতে পারবে না।

তিনি বলেন, কেউ এমনটি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিলামকৃত পাথরের সময়সীমা শেষ হওয়ায় উপজেলা প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী কোয়ারী এলাকায় রয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.