Sylhet Today 24 PRINT

রাতের আঁধারে খাসিয়া সম্প্রদায়ের ২ হাজার পান গাছ কর্তন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০২৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জির হেডম্যানের পানজুমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে খাসিয়া সম্প্রদায়ের দুটি জুমে ঢুকে কেটে ফেলা হয়েছে প্রায় ২ হাজার পান গাছ, যার বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন লামাপুঞ্জির হেডম্যান রিসন কংওয়াং ও গস্মিন ডিখার।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সোমবার (২৮ জুলাই) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো খাসিয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও শঙ্কা ছড়িয়ে পড়েছে।

জানা যায়, প্রতাপপুর ক্যাম্পসংলগ্ন লামাপুঞ্জি এলাকায় পাশাপাশি দুটি জুমবাগানে দীর্ঘদিন ধরে পান চাষ করতেন রিসন ও গস্মিন। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বাগানে হানা দিয়ে সব পান গাছ কেটে রেখে যায়।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাগানের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন দুই পরিবার।

হেডম্যান রিসন কংওয়াং বলেন, ‘দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আমার আয়ের পথ ধ্বংস করে দিয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আমি ন্যায়বিচার চাই।’

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা এবং তাদের বসতি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্রের অংশ হতে পারে। তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.