Sylhet Today 24 PRINT

নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০২৫

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে মাহমুদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরের আটগ্রামের মাদারনগর এলাকায় ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহমুদ আলী পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মরদেহের পাশে তার ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। এরপর মাহমুদ আলীর পরিবারের লোকজন লাশটি মাহমুদ আলীর বলে সনাক্ত করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ আলী শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন বাদ জুমা তাঁর বাড়িতে এক অপরিচিত ব্যক্তি আসেন। পরে সেই ব্যক্তি মাহমুদ আলীকে নিয়ে বাইরে যান। এরপর থেকে তিনি আর বাড়ীতে ফিরে যাননি।
মরদেহ উদ্ধারের পরপরই গ্রামজুড়ে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন। স্থানীয়দের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটি পরিকল্পিত হত্যাকান্ডের ঘটনা হতে পারে।

ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.