Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ভুল স্টেশনে নেমে পড়া কিশোরীকে দুই দফা সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৫ আগস্ট, ২০২৫

ভুল করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে পড়া এক কিশোরী দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার শায়েস্তাগঞ্জ থেকে প্রথধান আসামি মাসুম মিয়া ওরফে ডগিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৫ আগন্ট) সকাল ১১ টায় র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তগঞ্জ পৌরসভার নিজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত ৯ জুলাই রাতে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে চড়ে ওই কিশোরী ভুলক্রমে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে পড়ে। এ সময় মাসুম মিয়া ওরফে ডগি, রায়হান মিয়া, হৃদয় মিয়া ও ইলিয়াছ মিয়া ওই কিশোরীকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত বারান্দায় নিয়ে যায়। সেখানে মাসুম ও রায়হান তাকে ধর্ষণ করে।

পরে একই দিনে হৃদয় ও ইলিয়াছ ওই কিশোরীকে একটি বাগানে নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করে। কিশোরী অচেতন হয়ে পড়লে তারা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় দু'জন যুবক কিশোরীকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। গত ১২ জুলাই কিশোরী এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করলে মামলা রুজু হয়।

এর আগে গত ৩০ জুন কুলাউড়া রেলস্টেশনে ভুল করে নেমে আরেক কিশোরী ধর্ষণের শিকার হয়েছিল। সেই ঘটনায় এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.