Sylhet Today 24 PRINT

ডিসেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান

গোয়ালাবাজারে এক অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন তারেকের উপদেষ্টা হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক |  ০৭ আগস্ট, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের  কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন হুমায়ুন কবির।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। তার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

“নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনিই হবেন প্রধানমন্ত্রী,” বলেন হুমায়ুন কবির।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে।”

সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান শেষে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.