Sylhet Today 24 PRINT

ভারতে কারাভোগের পর নারী-শিশুসহ ২২ বাংলাদেশিকে দেশে ফেরত

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৮ আগস্ট, ২০২৫

ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগের পর নারী ও শিশুসহ ২২ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (০৮ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির উপস্থিতিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ফেরত পাঠায়।

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর সে দেশে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন তারা।

ফেরত আসা ব্যক্তিরা হলেন, নেত্রকোনার পীযুষ তালুকদার (৬০), শুভেন্দু সরকার তালুকদার (২৬), রনি তালুকদার (২৭), মিতু তালুকদার (১৫), পান্না তালুকদার (১৯), সরস্বতী মহানায়ক, স্বপ্ন মহানায়ক (৮), সেজুতি মহানায়ক ঝিনুক (১১), নারায়ণ মহানায়ক, প্রণয় সাহা (৪৬), উদয় দাস (২৫), রাজশাহীর গোদাগাড়ী থানার মো. কাউসার আলী (১৭), মো. নুর আমিন (১৫), সিলেটের গোয়াইনঘাট থানার মারজান হোসাইন (১৭), কোম্পানীগঞ্জ থানার মো. ইসলাম উদ্দিন (২৫), বিয়ানীবাজার থানার ইকরামুর রহমান সায়েম (১৬), সিলেট এয়ারপোর্ট থানার মোবারক হোসাইন (১৭), সুনামগঞ্জের মধ্যনগর থানার পপি রানী (১৬), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শাহরিয়া আহমেদ শাওন (১৫), বগুড়ার সারিয়াকান্দি থানার মো. হাসান আলী (৩০), যশোরের সদর থানার কাশফিয়াতুন নূর (১৭) ও জামালপুরের সরিষাবাড়ী থানার মো. শামীম (৩৫)।

জানা গেছে, এই ২২ জন বাংলাদেশি বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। পরে বিএসএফ ও পুলিশের হাতে আটকের পর আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার তুরা কারাগারে সাজা ভোগ করেন তারা। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাদের বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. শামীম মিয়া।


তামাবিল ইমিগ্রেশ পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরা ২২ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এসআই শামিম মিয়া জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে ২২জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর পর আইনীপ্রক্রিয়া শেষে তাদেরকে আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.