নিজস্ব প্রতিবেদক | ১০ আগস্ট, ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়ায় ‘ আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি শেখ হাসিনার লোক’ বলা ভিডিও পোস্ট করে গ্রেপ্তার হয়েছেন এক কিশোর।
শনিবার রাতে কুলাউড়া পৌর শহরের ভাঙারিপট্টি এলাকায় অভিযান চালিয়ে ফাহিম ইসলাম নামে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। সে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। তবে পুলিশ বলছে, তার বয়স ১৯ বছর।
ফেসবুকে পোস্ট করা ভিডিওতে আওয়ামী লীগ আবার ফিরে আসবে বলেও মন্তব্য করে ওই কিশোর।
গ্রেপ্তার হওয়া ফাহিমের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তার বাবা একটি সাজসজ্জা প্রতিষ্ঠানের কর্মী ও মা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তারা কুলাউড়ার ভাঙারিপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ছড়িয়ে পড়া ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই কিশোর একটি কক্ষে চেয়ারে বসে আছে। সামনে টেবিল রাখা। পেছনের দেয়ালে বিএনপি নেতা প্রয়াত এম সাইফুর রহমানের ছবিসংবলিত একটি ব্যানার টানানো। ভিডিওতে সে বলে, ‘একমাত্র শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একজন গর্বিত নারী। ইনশা আল্লাহ তিনি একদিন না একদিন ফিরে আসবেন। ইনশা আল্লাহ আওয়ামী লীগ আবার ফিরে আসবে। জয় বাংলা, জয় বাংলা। আমি শেখ হাসিনার লোক। গর্ব করে বলতে পারি আমি বঙ্গবন্ধুর সৈনিক। ইনশা আল্লাহ আবার দেখা হবে রাজপথে, ধন্যবাদ।’
পুলিশ জানায়, ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ায় শনিবার রাত ১০টার দিকে বাসায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রকে আটক করা হয়। পরে ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলাউড়া থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার প্রতিবেদনে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফ্যাসিস্টের পক্ষে ওই স্কুলছাত্র সক্রিয় ছিল এবং তার বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছিল।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর না বুঝে এ কাজ করেছে বলে দাবি করেছে। তাকে আজ মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।