Sylhet Today 24 PRINT

সিলেট-সুনামগঞ্জ সড়কে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট-সুনামগঞ্জ সড়কের  সদর উপজেলাস্থ গোপাল নামক স্থানে বাসচাপায় প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে।  নিহত ঝর্ণা আক্তার (৬) সদর উপজেলার গোপাল গ্রামের সিএনজি অটোরিকশা চালক নুর আলীর মেয়ে। সে গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বেপরোয়া বাস (সিলেট ব-৬০০৬) গোপাল নামক স্থানে এসে স্কুলছাত্রী ঝর্ণাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরই বাস রেখে চালক ও সহকারী পালিয়ে যায়।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করেন। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে নগরীর জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ তুলে দেয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.