নিজস্ব প্রতিবেদক | ১২ আগস্ট, ২০২৫
সুনামগঞ্জের বাহাদুপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ চার জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার বাস চালক জাকির আলমের (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম এই আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়কলস এলাকায় সিলেটগামী একটি বাস ও সুনামগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশী (১৭) ও আলীপাড়ার বাসিন্দা শফিক মিয়া (৭৩)।
গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তীকে (১৭) সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত সিএনজির চালকসহ আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পরে মারা যান সিএনজির চালক আব্দুর রশিদ (২৭)।