Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির উপর হামলা, গ্রেপ্তার ৫

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৩ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান প্রতিরোধের সময় বিজিবির টহল দলের সদস্যদের উপর হামলার মামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 মঙ্গলবার বিকেল ও রাতে পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সীমান্তের পৃথক স্থান থেকে এই ৫ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, তাহিপুর উপজেলার লাউরগড় গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (২৫), মোস্ত মিয়ার ছেলে মো. কাজী মিয়া (৩০) ও সাহিদাবাদ গ্রামের মৃত আবু বক্কর মিয়ার ছেলে মো. আজবিরুল ইসলাম (২৫)। দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া গ্রামের সমশের আলী ছেলে খোকন মিয়া (৩২) ও লিচু মিয়ার ছেলে মো. সিরাজ মিয়া (২৭)।

বিজিবি ও পুলিশ জানিয়েছে, গেল ২২ মার্চ ভোর রাতে দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া এলাকায় চোরাকারবারীদল ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবির টহলদল বাধা দেয়। এসময় চোরাকারবারীরা বিজিবি টহল দলকে ঘেরাও করে ইট, পাটকেল নিক্ষেপ করে ও বাঁশের লাঠি, হাসুয়া ও চাকু নিয়ে আক্রমন করে। চোরকারবারীদের হামলায় টহলদলের সদস্যরা আঘাত পান। এই ঘটনায় দোয়ারাবাজার থানায় ৮ জনকে আসামী করে মামলা দায়ের করে বিজিবি। এই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গত ৬ আগস্ট তাহিরপুর উপজেলার লাউরগড় এলাকা দিয়ে ভারত থেকে চোরাচালানীর মালামাল বাংলাদেশে নিয়ে আসার সময় বিজিবির টহলদল বাধা দিলে চোরাকারবারীরা বিজিবির উপর পাথর নিক্ষেপ করে। এসময় টহলদলের কমান্ডারসহ সদস্যরা আহত হন এবং বিজিবির স্পিডবোট ক্ষতিগ্রস্ত। এই ঘটনায় ৪ জনকে আসামী করে তাহিরপুর থানায় মামলা দায়ের করে বিজিবি। এই মামলার তিন আসামীকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

পৃথক অভিযানে ৫ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জাহিদুল হক ও  দেলোয়ার হোসেন জানান, দুটি সীমান্তে বিজিবির টহলদলের সদস্যদের উপর হামলার ঘটনার মামলায় ৫ জনকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.