কমলগঞ্জ প্রতিনিধি | ২৮ আগস্ট, ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানে সরস্বতী রবিদাস (২৬) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বিশ্বজিত ও তার কথিত প্রেমিকা মুন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের গাঙ্গ লাইনের শ্রমিক পাড়া এলাকার চা শ্রমিক মৃত হরিদাস এর ছেলে বিশ্বজিত দাস পারিবারিকভাবে অএকই উপজেলার দলই চা বাগানের গগন রবি দাসের মেয়ে স্বরসতি রবিদাস (২৬) কে প্রায় ৬ বছর পূর্বে বিয়ে করেন। তাদের ২ বছরের এক ছেলে ও ৬ মাস বয়সি এক কন্যা সন্তান রয়েছে।
নিহত সরস্বতীর মা কমলা রবিদাস ও বড় বোন সুনিতা রবিদাস জানান, কিছুদিন ধরে বিশ্বজিত দাস মাধবপুর চা বাগানের গোপাল বুনার্জীর স্ত্রী মুন্নী বুনার্জীর সাথে পরকিয়ায় লিপ্ত হন। এক পর্যায়ে গত মে মাসে প্রেমিকা মুন্নী বুনার্জীকে নিজেদের মদনমোহনপুর চা বাগানস্থ বাড়িতে নিয়ে যান বিশ্বজিত। সেখানে একই বাড়িতে নিজের প্রথম স্ত্রী ও সন্তানদের সাথে মুন্নীকে নিয়েও বসবাস শুরু করেন বিশ্বজিত।
তাদের অভিযোগ, বিশ্বজিত ও মুন্নি বুনার্জী বিভিন্ন সময় নানা অজুহাতে সরস্বতীকে নির্যাতন করতেন
সরস্বতীর মা কমলা রবিদাস আরো বলেন, গত বুধবার (২৭ আগষ্ট) রাতে বিশ্বজিত ও মুন্নি বুনার্জী নির্যাতন করে মুমুর্ষ অবস্থায় সরস্বতীকে তার বাবার বাড়ি দলই চা বাগানে নিয়ে আসেন। এবং সরস্বতীর সাথে আর সংসার করবেন না বলে জানান।
এদিকে বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে বিশ্বজিত একাই মুমুর্ষ অবস্থায় চিকিৎসার জন্য সরস্বতীকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। বিশ্বজিত স্ত্রীকে চিকিৎসার জন্য অন্য কোন হাসপাতালে না নিয়ে মদনমোহনপুর চা বাগানের গাঙ্গ লাইনের শ্রমিক পাড়া এলাকার তার বাড়িতে নিয়ে যায়। বিকাল সাড়ে ৩টায় সরস্বতী মারা যান।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওসি শামীম আকঞ্জিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। এই সময় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী ও প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে যায়।
মাধবপুর ইউপি সদস্য মোতাহের আলী ও ইউপি সদস্যা মালতি রানী বুনার্জী বলেন, সরস্বতী ও বিশ্বজিতের বিবাহ সামাজিকভাবেই হয়েছে। পরে আর কোন বিয়ের খবর পাইনি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করে থানায় আনা হয়েছে। মামলা হলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।