Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০১ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক ও মসজিদের ইমাম রহমত আলীকে (৪০) পুলিশে সোপর্দ করেছে জনতা।

তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চামতলা ইসলামীয়া দাখিল মাদরাসার সহকারী  শিক্ষক। পাশাপাশি স্থানীয় সুড়িগাওঁ জামে মসজিদের ইমাম।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আরবি শিক্ষা নিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সুড়িগাঁও জামে মসজিদে যায় শিশুটি।

মক্তবের ছুটি শেষে সবাই বাড়ি ফিরলেও শিশুটিকে কাজের কথা বলে নিজ কক্ষে নিয়ে যান ইমাম রহমত আলী। এক পর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন।

পরে ঘটনাটি প্রকাশ না করতে শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করেন তিনি।

এদিকে বাড়ি ফিরে প্রথমে শিশুটি ভয়ে বিষয়টি কারো কাছে প্রকাশ করেনি।

ঘটনার চারদিন পর সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের চাপে সম্পূর্ণ বিষয়টি খুলে বলে সে।

এসময় ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে লম্পট রহমত আলীকে আটকে থানায় খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ইমামকে আটক করে থানায় নিয়ে আসেন।  

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.