Sylhet Today 24 PRINT

ডাক্তার না হয়েও ফার্মেসিতে রোগী দেখছিলেন কাজল, ৩ মাসের কারাদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি  |  ০৭ সেপ্টেম্বর, ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ডাক্তার পরিচয়ে রোগী দেখা এক ব্যক্তিকে আটক করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

 রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের হাসপাতাল রোডে দেব নাথ ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ডাক্তার পরিচয়ে রোগী দেখা অবস্থায় কাজল নাথ (৫২) কে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। তিনি জানান, অভিযানের সময় কাজল নাথ চিকিৎসক হওয়ার কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। বরং অবহেলার মাধ্যমে রোগীদের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলার কারণে ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার মৃত প্রেমানন্দ নাথের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শহরের হাসপাতাল রোড ও শান্তিপাড়া এলাকায় চেম্বার খুলে ডাক্তার পরিচয়ে রোগী দেখছিলেন। এতে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার পাশাপাশি জীবনের ঝুঁকিতে পড়ছিলেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. রাশেদ খান এবং স্যানিটারি অফিসার আমজাদ হোসেন।

স্থানীয় সচেতন মহল জানায়, কাজল নাথকে পূর্বেও একাধিকবার জেল-জরিমানা করা হয়েছিল। তবুও তিনি বিভিন্ন কৌশলে আবারও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রুহুল আমীন বলেন, স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে কোনো প্রকার অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.