Sylhet Today 24 PRINT

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন নম্বর চালু

নিজস্ব প্রতিবেদক |  ১৯ সেপ্টেম্বর, ২০২৫

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা, জুয়া কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য মেলা বসানোর বিষয়টি নিরুৎসাহিত করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এসব কথা বলেন।

তিনি বলেন, পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবকদের পরিচয় নিশ্চিত করা হবে। তাদের হাতে আর্মড ব্যান্ড পরিধান বাধ্যতামূলক করা হবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সবার সাথে যাতে দ্রুত সমন্বয় করা যায় তাই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন নম্বর চালু করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে এসএমপি’র সাইবার টিম সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকবে। এছাড়াও, নগরীর যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে এবং বিসর্জন অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, ‘সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই ঐতিহ্য বজায় রাখতে আমরা জনতার পুলিশ হিসেবে সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থেকে কাজ করতে বদ্ধপরিকর।’

সভার শুরুতে পুলিশ কমিশনার সবাইকে দুর্গাপূজার বিভিন্ন সমস্যা এবং কি ধরণের পুলিশি সহযোগিতা প্রয়োজন সেগুলো উপস্থাপন করতে বলেন। এসময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.