Sylhet Today 24 PRINT

বিমানবন্দর ও কোম্পানীগঞ্জে র‌্যাবের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক |  ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটে র‌্যাব-৯ এর পৃথক অভিযানে এক নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ফেনসিডিল। বৃহস্পতিবার সিলেটের বিমানবন্দর এলাকা ও কোম্পানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ বাজারের বিসমিল্লাহ রেস্ট হাউসে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম (৪৩) ও রেবেকা আক্তার লিপি (৩৬) নামের দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টুকের বাজার থেকে আরও ২১ বোতল ফেনসিডিলসহ গোলাপ মিয়া (২৩) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। 

অপরদিকে, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে একটি হায়েস গাড়ি থামিয়ে ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে ৬ জনকে আটক করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— বিজয় হোসেন (৩০), মিজানুর রহমান (৩১), আব্দুর রব (৪৫), পারভেজ আলী (২৫), হুমায়ুন কবির (৪৬) ও আমির হোসেন (৪৩)।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামিরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে সিলেটসহ বিভিন্ন এলাকায় বিক্রির পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত মাদক ও গাড়িসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.