Sylhet Today 24 PRINT

চিকিৎসক-নার্স নেই, হবিগঞ্জে দুই হাসপাতালে তালা

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৯ সেপ্টেম্বর, ২০২৫

চিকিৎসক, নার্স না থাকা, মানহীন চিকিৎসা সেবাসহ নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জে দুটি বেসরকারি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় হাসপাতাল দুটি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালিনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু ও সিভিল সার্জন কার্যালয়ের ডা. শরীফ মো. সানজিদ জামান।

জানা যায়, শহরের সিনেমা হল রোডের হেলথ কেয়ার হাসপাতাল ও কালিবাড়ী রোডের আল-রাফি হাসপাতাল ১০ শয্যার হলেও নির্ধারিত চিকিৎসক ও নার্স কেউই ছিলেন না। কালার কোডেড বিনও ছিল না। ল্যাবের মান ছিল নিম্নমানের। অতিরিক্ত টাকা নেওয়া হতো। মানহীন শয্যায় অপারেশন চলতো। ফলে হাসপাতাল দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে তালাবদ্ধ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু বলেন, হাসপাতালগুলোতে তালা দেওয়া হয়েছে। নির্দেশনা প্রতিপালন শেষে যোগ্যতা অর্জন করলে পুনরায় চালুর সুযোগ পাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.