Sylhet Today 24 PRINT

সুরমা নদীর খনন কাজ শুরুর দাবি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০২৫

‘আমাদের নদী, আমাদের অস্তিত্ব’—প্রতিপাদ্যে সিলেটে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা অবিলম্বে সুরমা  নদীর খনন কাজ শুরু, বাসিয়া নদীর দখলদারদের উচ্ছেদ এবং সীমান্ত নদী থেকে নির্বিচারে বালি উত্তোলন বন্ধের দাবি জানান।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি রেঁস্তোরায় সুরমা রিভার ওয়াটারকিপার ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার যৌথ উদ্যোগে “সুরমা নদী খননসহ সিলেটের নদ-নদী সংরক্ষণ” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম।
 
সভায় প্রধান আলোচক ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এবং সম্মানিত আলোচক ছিলেন পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ ও সাংস্কৃতিক সংগঠক শামসুল বাছিত শেরো।
 
সভায় বক্তারা বলেন, আমাদের নদী আমাদের অস্তিত্ব জুড়ে রয়েছে। বাংলার জীবন নদী ছাড়া অচল। তাই নদীর মত প্রাকৃতিক এই অনবদ্য সম্পদকে সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। নিজের এলাকার নদী নিয়ে কথা বলতে হবে, নদীর সাথে হওয়া অন্যায় প্রতিরোধে আন্দোলন করতে হবে।

তারা আরও বলেন, সিলেট অঞ্চলের নদ-নদীর অবস্থা ভালো নেই। অধিকাংশ নদীর তলদেশ ভরাট। সিলেটের নদ-নদী দূষিত হওয়া শুরু হয়েছে। নাগরিক বর্জ্যে সুরমা নদীর তলদেশ ভরাট। শুষ্ক মৌসুমে প্ল্যাষ্টিক ও পলিথিন বর্জ্য সুরমার তলদেশে দৃশ্যমান হয়।

সভায় বক্তারা সরকারের কাছে এবারের শুষ্ক মৌসুমে বিজ্ঞানভিত্তিক ও কার্যকর পদ্ধতিতে সুরমা নদী খনন শুরুর দাবি জানান।

আলোচনায় অংশ নেন প্রকৌশলী মাহমুদুর রহমান চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী, সমাজকর্মী অরূপ শ্যাম বাপ্পী, রেজাউল কিবরিয়া, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, হাওর কালচার স্টাডি অ্যান্ড রিসার্চ একাডেমির চেয়ারম্যান সজল কান্তি সরকার, সোহাগ তাজুল আমিন, নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবু, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট মহানগরের সভাপতি তানজিনা বেগম, সাধারণ সম্পাদক আয়েশা আখতার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.