Sylhet Today 24 PRINT

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আজমত আলী (৪০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমত আলী সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর গ্রামের সাজিদ আলীর পুত্র বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আজমত আলী শ্রমিকসহ খালি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-২৩৩৪) নিয়ে সবজি কিনতে নবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার জনতার বাজার সংলগ্ন দেওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-২৩২৪) পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আজমত আলী মারা যান।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, চালককে আটকের চেষ্টা চলছে।”

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত আজমত আলী দীর্ঘদিন ধরে সবজি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.