সিলেটটুডে ডেস্ক | ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকা–সিলেট মহাসড়কের নাজুক ও বেহাল অবস্থার প্রতিকার দাবিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে “সিলেটবাসীর গণঅবস্থান ও মানববন্ধন” কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় সিলেট–ঢাকা মহাসড়কের সূচনাস্থল, দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এলাকায় এ কর্মসূচী পালিত হবে।
এতে সিলেটের সর্বস্তরের মানুষ, বিএনপির নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে তিনি অনুরোধ জানিয়েছেন।
আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বলেন, চলাচলে দুর্ভোগের কারণে সিলেটের মানুষ এখন ক্ষুব্ধ। আগে তিন–চার ঘণ্টায় যেখানে সিলেট থেকে ঢাকা যাওয়া যেত, এখন সেখানে সময় লাগছে ১৬ থেকে ২৪ ঘণ্টা। দ্রুত এ সমস্যার সমাধানের দাবিতে গণ-অবস্থান ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেবল বিএনপির নেতা-কর্মীরা নন, ভুক্তভোগী সাধারণ মানুষও কর্মসূচিতে একাত্ম হবেন।
এদিকে, সিলেটের সড়ক, রেল ও আকাশ পথে ভোগান্তির প্রতিবাদে শনিবার আরেক বিএনপি নেতা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানে ‘একঘন্টার ডেডলক’ কর্মসূচী পালিত হয়।