Sylhet Today 24 PRINT

বালু উত্তোলনের সময় কুশিয়ারা নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদীতে বালু উত্তোলনের সময় নিখোঁজ হওয়া এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (১৩ অক্টোবর) সকালে নদীর তলদেশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিকের নাম মো. গোলাম রাব্বি (৩২), বরিশাল জেলার বরগুনা উপজেলার বাসিন্দা ও মরহুম আব্দুল হকের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনের সময় এ দুর্ঘটনা ঘটে। বালু তোলার কাজে ব্যবহৃত নৌকার নিচের অংশে ফাটল দেখা দিলে শ্রমিক গোলাম রাব্বি নৌকাটি মেরামতের জন্য পানিতে নামেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নদীর স্রোতে তলিয়ে যান এবং আর উপরে ওঠেননি।

খবর পেয়ে হবিগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়, তবে অন্ধকারের কারণে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। সোমবার সকালে পুনরায় ডুবুরি দল অভিযান শুরু করে শ্রমিকের লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের কর্মী মোঃ ফখরুল ইসলাম বলেন, রাতে অন্ধকারের কারণে নদীতে অভিযান ঝুঁকিপূর্ণ ছিল। সকালে ৯টা থেকে অভিযান শুরু করে আমরা নদীর তলদেশ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করি।

এ ঘটনায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, নিখোঁজ শ্রমিকের লাশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনের নজরদারির অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.