Sylhet Today 24 PRINT

আইনি জটিলতায় আটকে আছে কারাবন্দী মেয়র গউছের দায়িত্ব গ্রহণ

প্রদীপ দাশ সাগর |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৬

আইনী জটিলতায় আটকে আছে হবিগঞ্জ পৌরসভার কারাবন্দী মেয়র আলহাজ্ব জি কে গউছের দায়িত্ব গ্রহণ। অথচ স্থানীয় সরকারের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে পৌর পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সোমবার সেই ৩০ দিন অতিক্রান্ত হয়েছে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে থাকা আলহাজ্ব জি কে গউছ হবিগঞ্জ পৌরসভায় পুনরায় মেয়র নির্বাচিত হন। এরপর গত ১০ জানুয়ারি এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। গত ২৭ জানুয়ারি হবিগঞ্জ পৌরসভার পুননির্বাচিত মেয়র জি কে গউছ ও কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর জি কে গউছ দায়িত্ব গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন। স্থানীয় সরকারের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে পৌর পরিষদের ১ম সভা অনুষ্ঠানের কথা।

এ প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় দায়িত্বভার হস্তান্তরের দিনক্ষণ নির্ধারণ করে জেলা প্রশাসন। কিন্তু আইনী জটিলতার কারণে সিলেট কারাগারে বন্দী মেয়র জি কে গউছকে হবিগঞ্জ পৌরসভায় আনা হয়নি। এ অবস্থায় দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান বাতিল করা হয়। এদিকে গত পরিষদের ৫ বছর মেয়াদ পূর্ণ হবে আগামী ২০ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ে পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করতে না পারলে তাদের ভাগ্যে কি ঘটবে এ নিয়ে নবনির্বাচিতদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, সিলেটের জেল সুপারের মাধ্যমে ৭ ফেব্রুয়ারি ১২টার দিকে জি কে গউছের দায়িত্ব গ্রহণ সংক্রান্ত একটি আবেদন পেয়েছি। বিষয়টি আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবগত করলে তারা আইন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে মেয়র জি কে গউছের দায়িত্ব গ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম জানান, গত রোববার আমার দায়িত্ব নির্বাচিত মেয়রের কাছে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু আইনী জটিলতার কারণে মেয়র জি কে গউছ না আসায় আমি দায়িত্ব হস্তান্তর করতে পারিনি। আমি নির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চাই। এ ব্যাপারে সরকার শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমি আশাবাদী।

প্রসঙ্গত, গত পৌর নির্বাচনে কারাগার থেকে নির্বাচনে অংশ নিয়ে মেয়র পদে পুননির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন আলহাজ্ব জি কে গউছ। পরে প্যারোলে মুক্তি পেয়ে শপথ গ্রহণ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.