সোহাগ মিয়া, মাধবপুর | ১৯ অক্টোবর, ২০২৫
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া। ছবি: সংগৃহীত ।
চোখের জলে ভেজা এক প্রভাত। গ্রামের বাতাসও যেন আজ ভারী—মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানুষ আজ শোকাহত, নিঃশব্দে বিদায় জানিয়েছে একজন কিংবদন্তিকে। তিনি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া —একজন বীর মুক্তিযোদ্ধা, একজন রাজনীতিক, সমাজসেবক, শিক্ষাবন্ধু।
১৯ অক্টোবর ভোর রাতে, নিজ গ্রাম মানিকপুরে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। রেখে গেছেন ১০ পুত্র, ১ কন্যা, এবং অগণিত গুণগ্রাহী।
তিনি ছিলেন সেই মানুষ, যিনি স্বাধীনতার ডাকে অস্ত্র তুলে নিয়েছিলেন। ভয়ভীতিকে পেছনে ফেলে ঝাঁপ দিয়েছিলেন যুদ্ধের ময়দানে—একটি স্বাধীন পতাকার জন্য। তাঁর সাহস, তাঁর অবদান দেশের ইতিহাসে লেখা থাকবে গর্বের অক্ষরে।
রাজনীতির মাঠেও তিনি ছিলেন অতন্দ্র প্রহরী। বাঘাসুরা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। তাঁর হাতে গড়া ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং গাউসুল আজম জামে মসজিদ আজও দাঁড়িয়ে আছে, যেন নীরবে বলে চলেছে তাঁর অবদানের কথা।
প্রবাসেও তাঁর ছাপ স্পষ্ট। তিনি ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক-এর সাবেক সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সহ সভাপতি এবং বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই যুক্তরাষ্ট্র ইনক-এর সভাপতি শফি উদ্দিন তালুকদারের বড় ভাই। তার পুত্র মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
তাঁর মৃত্যুতে শুধু একটি পরিবার নয়—একটি অঞ্চল হারিয়েছে তার অভিভাবকসদৃশ একজন মানুষকে। এই বীরের মহাপ্রয়াণে মাধবপুর উপজেলা সহ বিভিন্ন রাষ্ট্রে অবস্থানরত রাজনীতিবিদ সহ সকলেই শোক প্রকাশ করছেন।