Sylhet Today 24 PRINT

প্রবাস থেকে পাঠানো টাকার হিসাব চাওয়ায় দুলাভাইকে খুন করেন সুমন!

জকিগঞ্জের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা

নিজস্ব প্রতিবেদক |  ১৯ অক্টোবর, ২০২৫

হানিফ আহমদ সুমন (বাঁয়ে) ও নিহত নোমান উদ্দিন (ডানে)। ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নিহতের শ্যালক হানিফ উদ্দিন সুমন আদালতে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) চার দিনের রিমান্ড শেষে সুমনকে জকিগঞ্জ থানার পুলিশ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইবরাহিম সরকারের আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, সুমন ২০০৯ সাল থেকে তার দুলাভাই নোমান উদ্দিনের বাড়িতে বসবাস করে আসছিলেন। ২০২৩ সালে বিয়ে করার পরও তিনি স্ত্রীসহ ওই বাড়িতেই থাকতেন। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর নোমান উদ্দিন পাঠানো অর্থের হিসাব চাইলে সুমন তা দিতে ব্যর্থ হন, ফলে তাদের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যরা একাধিকবার সালিশ বৈঠক করেও বিষয়টির সমাধান করতে পারেননি। পরবর্তীতে বসতবাড়ি নিয়ে নতুন করে দ্বন্দ্ব দেখা দিলে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। ওই বিরোধ থেকেই শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে হত্যার পথ বেছে নেন সুমন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, সুমন কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে নোমান উদ্দিনকে হত্যা করেন এবং লাশ গুমের উদ্দেশ্যে ধানক্ষেতে ফেলে রাখেন। প্রথমে জিজ্ঞাসাবাদে নানা কৌশলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও শেষপর্যন্ত তিনি হত্যার কথা স্বীকার করেন এবং সহযোগী কয়েকজনের নামও প্রকাশ করেন।

এসআই আব্দুল্লাহ আল মোমেন বলেন, “রিমান্ডে থাকা অবস্থায় সুমন হত্যার কথা স্বীকার করেছেন। সে আরও কয়েকজন সহযোগীর নাম জানিয়েছে, যারা বর্তমানে পলাতক। মামলার স্বার্থে তাকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”

এদিকে, এলাকায় নোমান উদ্দিনের মৃত্যুতে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী দ্রুত বিচার এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.