Sylhet Today 24 PRINT

১ নভেম্বরই সিলেট চেম্বার নির্বাচন চায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ

নিজস্ব প্রতিবেদক |  ৩০ অক্টোবর, ২০২৫

আগামী ১ নভেম্বরই সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।

বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় সিলেট নগরীর দরগাগেইটের একটি অভিজাত হোটেলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে চেম্বার নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলি আহমদ বলেন, “চেম্বার অকার্যকর থাকায় সিলেটের অর্থনীতির চাকা স্থবির হয়ে পড়েছে। তাই দ্রুত চেম্বারের কার্যক্রম সচল করতে হলে অবিলম্বে নির্বাচন সম্পন্ন করতে হবে। যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত এ অঞ্চলের অর্থনীতি গতি পাবে।”

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–১ শাখা গত ২৬ অক্টোবর এক চিঠিতে চেম্বার নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়। তালিকা যাচাই–বাছাইয়ের বিষয় উল্লেখ করে পুনঃতফসিল ঘোষণার কথাও ওই চিঠিতে বলা হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। পরিষদের নেতাদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ে করা অভিযোগ প্রত্যাহার করা হলে নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে।

এদিকে, একটি রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার হাইকোর্ট বিভাগ নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে নির্দেশ দিয়েছেন। ফলে নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলে পূর্বনির্ধারিত তারিখ ১ নভেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বিষয়টি এখন জেলা প্রশাসকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ বলেন, সব আইনি জটিলতা কেটে গেছে, তাই নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা উচিত।

উল্লেখ্য, এবারের নির্বাচনে দুটি প্যানেল—সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম—থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.