Sylhet Today 24 PRINT

ছাদে মিলল আওয়ামী লীগ নেতা রাজ্জাকের রক্তাক্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক |  ৩১ অক্টোবর, ২০২৫

সিলেটে নিজ বাসায় খুন হয়েছেন আওয়ামী লীগের এক নেতা।

শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবদুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।

পুলিশ বলছে, নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

তিনি জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.