Sylhet Today 24 PRINT

ব্যাটারি রিকশা আন্দোলন: বাসদের কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০২৫

ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র্র করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সিলেট কার্যালয় থেকে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে নগরের আম্বরখানায় বাসদের কার্যালয় থেকে তাদের আটক করে কতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

যদিও বাসদ নেতারা বলছেন, পাঠচক্র চলাকালে বাসদ কার্যালয় ঘেরাও করে ২২ নেতাকর্মীকে আটক করে নিয়ে আসে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ ব্যাটারি রিকশা শ্রমিকরা নগরে কর্মসূচী করতে চেয়েছিলো। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকা সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

তবে বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন, ব্যাটারি রিকশার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ বিভ্নি দাবিতে আজ নগরের চৌহাট্টা থেকে আমাদের পূর্বঘোষিত ‘ভূখা মিছিল’ কর্মসূচী ছিলো। কিন্তু শুক্রবার রাতে পুলিশ এ কর্মসূচীতে নিষেধাজ্ঞা দেয়। এরপর আমরা কর্মসূচী স্থগিত করি। কিন্তু রাতে নিষেধাজ্ঞা দেওয়ায় আমরা সকল শ্রমিককে বিষয়টি অবহিত করতে পারিনি। তাই আজ সকালে শহীদ মিনার এলাকায় কছেকজন জড়ো হন।

তবে নিজেদের কার্যালয়ে তাদের কেউ ছিলেন না দাবি করে তিনি বলেন, কার্যালয়ে আমাদের নিয়মিত পাঠচক্র চলছিলো। সেখানে আচমকা অভিযান চালিয়ে পুরো অফিস ঘেরাও করের ২২ নেতাকর্মীকে ধরে নিয়ে আসে পুলিশ।

এরআগে একই ইস্যুতে শুক্রবার মধ্যরাতে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন আটক করে পুলিশ।

গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এতে আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন রাজনীতিক অংশ নেন। ওইদিন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি জনিয়ে আগামীকাল রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন শ্রমিকেরা। ওই আলটিমেটাম শেষ হওয়ার এক দিন আগে সিপিবির সুমন ও বাসদের ২২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেছেন, ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে।

তিনি বলেন, পাল্টাপাল্টি কর্মসূচীতে সংঘাতের আশঙ্কায় ব্যাটারি রিকশা শ্রমিকদের রোববারের কর্মসূচী পালনের অনুমতি দেয়া হয়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে বহু রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর থেকে নগরে ব্যাটারি রিকশা চলতে দেওয়া হচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.